সারা দেশে যখন একের পর এক ঘটছে ত্রাণ চুরির মতন ঘটনা। কিন্তু দুর্নীতির অভিনব পদ্ধতি দেখা গেল ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে। এই ইউনিয়নের এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তার পরিবারের ১১ জনের নামে সরকারের দেয়া ১০ টাকা কেজি মূল্যের চালের কার্ড সরবরাহ করলেন। এই ১১ জনের তালিকায় বাদ যায়নি নেতার ২ স্ত্রী কিংবা শ্বশুর।
জানা যায়, উপজেলার গাংগাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুল ইসলাম এইবার দায়িত্ব পেয়েছিলেন হতদরিদ্রদের তালিকা করার। সুযোগ পেয়ে তিনি ২ স্ত্রীসহ তার শ্বশুর, এমনকি সরকারি চাকরি করা বেশ কয়েকজনের নামও সেখানে অন্তর্ভুক্ত করেছেন। অথচ এই নেতার পাশেই অর্ধাহারে অনাহারে আছে এমন লোকের সংখ্যাও কম না। কিন্তু তারা এই সুবিধা পায়নি।
ইউনিয়নের তালজাঙ্গা গ্রামের এই সাইদুল ইসলামের সাথে কথা বললে, তিনি নিজেকে অতি দরিদ্র বলে দাবী করে বলেন, যাদের নাম তালিকাভুক্ত করেছি তারাও আমার মতন গরীব। তাই এমন সুযোগ হাতছাড়া করতে পারিনি।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন জানান, এ ধরনের আরও অভিযোগ আসায় চলতি মাসেই যাচাই-বাচাই করে নতুন তালিকা করা হবে।
বার্তাবাজার/এসজে