মহামারি করোনায় বরিশালে নতুন আরও একজনসহ মোট ৪ জন আক্রান্ত হয়েছে। তবে নতুন করোনা আক্রান্ত ওই রোগী তথ্য গোপন করে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বরিশালের গৌরনদী উপজেলার ৬০ বছর বয়সী ওই নারী রোগী একটা প্রাথমিক বিদ্যালয়ের অবসরে যাওয়া প্রধান শিক্ষিকা।
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমরুল্লাহ জানান, আকারন্ত নারীর বাড়ি গৌরনদী হলেও বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন। স্বামীর সাথে গত সপ্তাহে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বাড়িতে আসার পর তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তার স্বামীসহ তার নমুনা সংগ্রহ করে ১১ এপ্রিল আইইডিসিআরে পাঠানো হয়।
তিনি আরও বলেন, পরীক্ষার পর সোমাবার (১৩ এপ্রিল) আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে তার করোনা শনাক্ত হয় এবং তার স্বামীর করোনা নেগেটিভ আসে। ১১ এপ্রিলের পর ওই দম্পতি কাউকে কিছু না জানিয়ে গৌরনদী থেকে ঢাকায় মেয়ের বাসায় চলে যান।
এ বিষয়ে তার মেয়ের জামাই জানান, তার শাশুড়ি আগে থেকেই অ্যাজমায় আক্রান্ত। ঢাকায় এসে তার স্বাস্থ্যের অবনতি হলে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন তার শাশুড়ি।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস রিপোর্ট পাওয়ার পর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত ওই নারীর বিষয়ে আইইডিসিআরকে অবহিত করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
বার্তাবাজার/এসজে