ত্রাণের চালসহ র্যাবের হাতে আটক পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে পাবনা ২ আসনের সংসদ সদস্য এমপি আহম্মেদ ফিরোজ কবির বলছেন, আটক ইউপি চেয়ারম্যানের কোন অসৎ উদ্দ্যেশ্যে ছিলো না। ঢালারচর চরমপন্থী অধ্যুষিত এলাকা হওয়ায় গত ১৩ বছর ধরেই নিরাপত্তার স্বার্থেই বাঁধেরহাট এলাকার অস্থায়ী কার্যালয় থেকেই ইউপি চেয়ারম্যানরা ওই দুর্গম অঞ্চলের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।
আজ দুপুরে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে তাকে দলের সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
গতকাল রাতে পাবনার বেড়া উপজেলার বাঁধেরহাট এলাকা থেকে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও তার গোডাউন থেকে ২২৯ বস্তার সরকারি ত্রাণের চাল জব্দ করে র্যাব। এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে আমিনপুর থানা পুলিশ আটক ইউপি চেয়ারম্যানকে পাবনা জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
বার্তা বাজার/এম.সি