নায়ক মান্না বাংলা চলচ্চিত্রের অনবদ্য এক নাম। সালমান শাহ’র মৃত্যুর পর ঢাকাই সিনেমার হাল একাই ধরেছিলেন এই মহাতারকা। আজ পহেলা বৈশাখ এই নায়কের জন্মদিন।
নায়ক আসলাম তালুকদার মান্না একাধারে ছিলেন নায়ক, সংগঠক ও প্রযোজক। অনেক গুনী সিনিয়র অভিনেতাকে তিনি আবার চলচ্চিত্রে ফিরিয়ে এনেছিলেন। সিনেমার দুঃসময়ে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন এই নায়ক।
মান্না অভিনীত প্রথম ছবির নাম ‘তওবা’। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। ছবিটি ব্যবসাসফল হওয়াতে মান্নাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১৯৯৯ সালে ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট ছবিতে কাজ করেন মান্না।
প্রযোজক হিসেবেও মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো ছবি প্রযোজনা করেছেন প্রতিটি ছবি ব্যবসাসফল হয়েছিল। ছবিগুলোর মধ্যে রয়েছে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা-মাতার আমানত।
১৯৬৪ সালে টাঙ্গাইলে জন্ম নেয়া আসলাম তালুকদার মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আকস্মিক মৃত্যুবরণ করেন। তার স্থান আজও পূরণ করতে পারেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।