অবশেষে সাভারে করোনা ভাইরাসের রোগী শনাক্ত

এই প্রথম ঢাকার সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন একজন। তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর মাধ্যমে সাভার উপজেলায় এই প্রথম কেউ করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হলেন।

ওই চিকিৎসক ঢাকায় থাকতেন এবং ঢাকা থেকেই তিনি প্রতিদিন সাভারে যাওয়া-আসা করতেন। গতকাল সোমবার তাঁর নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা যায়। তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় গতকাল (সোমবার) চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সহ মোট ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে অন্যদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

ছবি: বার্তা বাজার

সায়েমুল হুদা আরও জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসক জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ফলে তিনি নিজে সহ অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগী আক্রান্ত ওই চিকিৎসকের সংস্পর্শে গেছেন। এ জন্য তিনি সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট
৩৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে অথবা আইসোলেশনে থাকবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি ইতিমধ্যে আইসোলেশনে চলে গেছেন বলেও জানান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই কর্মকর্তা।

এদিকে, ঢাকা জেলার সিভিল সার্জন আবু হোসাইন মোহাম্মদ মইনুল আহসান জানিয়েছেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ যারা আক্রান্ত ওই চিকিৎসকের সংস্পর্শে গেছেন, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার নাজমুল হুদা মিঠু জানান, নতুন করে জনবল দেওয়া হবে এবং চিকিৎসা সেবা কোনোভাবেই ব্যহত হবে না।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর