রাজধানীতে ফার্মেসী লুটের মূল হোতা বন্দুক যুদ্ধে নিহত

সম্প্রতি রাজধানীর খিলগাঁও ও মোহাম্মদপুরের দুটি ফার্মেসীতে মুখে মাস্ক লাগিয়ে দুর্ধর্ষ ডাকাতি করা ডাকাতদলের ‘মূল হোতা’ টিটু পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

মোহাম্মদপুরের বিল্লাল ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মাতে ডাকাতির অভিযোগে টিটুর ৫ সঙ্গীকে গত রোববার (১২ এপ্রিল) গ্রেফতার করেছিল পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) মাঝরাতে মোহাম্মদপুরের বসিলা এলাকার তিন রাস্তা মোড় সংলগ্ন স্থানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মৃত্যু হয় টিটুর। পুলিশ সুত্রে জানা যায়, টিটু ডেমরা এলাকায় বসবাস করে এইসব ডাকাতি কার্যক্রম করতো। তার গ্রামের বাড়ি সিলেট জেলায়।

এর আগে, ফার্মেসীতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল, সোহরাব, নেওয়াজ, শাহীন ও রাজু নামের ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ডাকাতদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে তারা টিটুর তথ্য জানায়। তথ্য পেয়ে টিটুকে গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে মারা যায় বলে দাবি করেছে পুলিশ। অন্য ডাকাতদেরকে গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, করোনায় থমকে দাঁড়ানো রাজধানীতে গত ১ এপ্রিল রাত একটার দিকে মোহাম্মাদপুর কলেজ গেটে বিল্লাল ফার্মা ও ৫ এপ্রিল খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনা ঘটে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর