পাবনা বেড়া উপজেলায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার (৬২) কে আটক করেছে র্যাব-১২। গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে র্যাব অভিযান চালিয়ে ত্রাণের চালসহ তাকে আটক করা হয়।
আটকৃত কোরবান আলী সরদার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যায় র্যাব সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে হাতে নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কমান্ডার।
বার্তা বাজার/এম.সি