বাংলাদেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই চলছে করোনা ভাইরাসের (COVID-19) প্রকোপ। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু এবং সংক্রমণ। বাংলাদেশেও তার ছোবল থেকে রেহাই পায়নি। লকডাউনের ফাঁদে পুরো দেশ। ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়ে চলেছে সরকার ও স্থানীয় প্রশাসন। এদেশের প্রায় প্রতিটি জনপদে আজ অসহায় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, গরীব মানুষেরা কাজের অভাবে, মজুরির অভাবে ঘরে বসে না খেয়ে আছে। এমস্থাবস্থায় নিম্নশ্রেণীর খেটে খাওয়া মানুষদের জন্য এ যেন আকাশ ভেঙে পড়ার অবস্থা।
একই অবস্থা ঠাকুরগাঁওয়ে। ১২ এপ্রিল বিকেলে জেলায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের তথ্য আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান। ওইদিন সন্ধ্যায় সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও জরুরি সুরক্ষার প্রয়োজনে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম।
উত্তরের এই ছোট্ট জনপদের খেটে খাওয়া মানুষদের পাশে এগিয়ে এসেছে স্থানীয় অনেক সংগঠনই। সরকারি চেষ্টার সাথে ঠাকুরগাঁও এর মতো ছোট্ট জনপদে এই মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে, এসব মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে মাঠে নেমেছে ঠাকুরগাঁও পৌর শহরের ২নং ওয়ার্ড পূর্ব গোয়ালপাড়া এলাকাস্থ প্রত্যয় ক্রীড়া ও সাহিত্য সংসদ ক্লাব।
২৭ বছরের পুরনো ঠাকুরগাঁওয়ের এ ক্লাবটি স্বেচ্ছাসেবী হয়েছেন তাদের নিজস্ব দায়বদ্ধতা থেকে যাতে কিছু মানুষের মুখে হাসি ফুটে উঠে। তাদের পক্ষে নিজ অর্থায়নে খুব বেশি পরিবারের কাছে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু তারা বিশ্বাস করেন, এভাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সতর্কতার সাথে এগিয়ে আসলে দেশের এই ক্রান্তিলগ্ন উত্তোরণ সম্ভব।

সম্পূর্ণ নিজেদের উদ্যোগে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের আশেপাশে বেশ কয়েকটি এলাকায় ১১০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পাঠিয়ে দিয়েছে ১ সপ্তাহের খাবার সামগ্রী। তাদের এই প্যাকেজের মাঝে ছিলো ২ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি শসা, হাফ কেজি ডাল, হাফ কেজি পিয়াজ, হাফ কেজি লবণ এবং একটি সাবান। এছাড়া নিম্নশ্রেণীর খেটে খাওয়া এসব দরিদ্র মানুষদের স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হয়েছে এক পাতা করে প্যারাসিটামল বিপি, গ্যাসের ট্যাবলেট এবং ভিটামিন সি।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি মোঃ মানিক আলী, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম নিউমুন, দপ্তর সম্পাদক নাহিদ হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনসহ ক্লাবের সদস্যবৃন্দ। ক্লাবের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম স্বপন, আব্দুল কাদের, সবুর খান সবুজ, নূর-নবী রানাসহ আরও অনেকে।
প্রত্যয় ক্রীড়া ও সাহিত্য সংসদ ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাহিদ আলম নিউমুন জানান, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা আপনাদের পাশে আছি, আমি যতটুকু পারবো আপনাদের সহযোগীতা করবো। সংকট কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র সহযোগীতা অব্যাহত থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। জাতির এ ক্রান্তিলগ্নে মানবিক বিবেচনায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বার্তা বাজার/এম.সি