কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন থেকে ত্রাণের ৮৭ কেজি চালসহ মঈফুল ইসলাম নামে এক দোকানদারকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিম মাথা থেতরাই বাজার থেকে ওই দোকানদারকে আটক করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই ইউনিয়নের পশ্চিম মাথা থেতরাই বাজার থেকে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ত্রাণের চাল সহ এক দোকানদারকে আটক করা হয়।
সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সরকারি এই কর্মকর্তা আরও জানান, থেতরাই ইউনিয়ন পরিষদের চাল বিতরণের তালিকা যাচাই করা হয়েছে। তবে ওই তালিকায় কোনও অসঙ্গতি পাওয়া যায়নি। জব্দ করা চাল ওই দোকানদার অন্যের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন।
কেএ/বার্তাবাজার