ত্রাণের তালিকা দেয়ায় যুবককে আটকে রেখে মারধর করলেন চেয়ারম্যান (ভিডিওসহ)

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য ত্রাণের তালিকা তৈরি করায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কর্তৃক আশেকে এলাহী নামে এক যুবককে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনা তদন্তের জন্য সোমবার ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেন ।

ইউএনও কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা যায়, করোনার কারণে অভাবগ্রস্ত ৭৯ জনের একটি তালিকা করে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের জন্য অনুরোধ জানিয়ে দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়া গ্রামের মো. আশেকে এলাহী নামের এক যুবক ওই ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাকিম খানের কার্যালয়ে জমা দেন। এতে চেয়ারম্যানের তোপের মুখে পড়েন ওই যুবক।

গত শনিবার চেয়ারম্যানের নির্দেশে চারজন চৌকিদার ওই যুবককে চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যায় এবং একটি কক্ষে আটকে রেখে ওই যুবককে মারধরসহ অশ্লীল ভাষায় গালমন্দ করা হয়। পরে ওই যুবক বন্দিদশা থেকে বের হয়ে রাতে ফেসবুক লাইভে এসে তার উপর নির্যাতন ও পুরো ঘটনার বর্ণনা করে কয়েকটি ভিডিও ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন। তার এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে বেশ তোলপাড় শুরু হয়। তবে চেয়ারম্যান আবদুল হাকিম খান এসব অভিযোগ ষড়যন্ত্র বলে দাবি করেন।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিব হাসান গণমাধ্যমকে বলেন, এ ঘটনা তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহেরকে আহবায়ক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম রহমানকে সদস্য করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্য প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহবায়ক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) তদন্ত কমিটির কার্যক্রম শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ইউএনও মহোদয়ের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

কর্মহীনদের জন্য ত্রাণ চাওয়ায় যুবককে আটকে রেখে চেয়ারম্যানের নির্যাতন

কর্মহীনদের জন্য ত্রাণ চাওয়ায় ইউনিয়ন পরিষদে যুবককে আটকে রেখে চেয়ারম্যানের নির্যাতন ইউটিউবে দেখতে- https://youtu.be/M2N33DZjL9Qবিস্তারিত জানতে- http://bartabazar.com/archives/153471

Gepostet von Barta Bazar am Samstag, 11. April 2020

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর