‘খুব শিগগিরই জনগণ কিছুটা স্বাভাবিক জীবনযাপন দেখতে পাবেন’

ইস্টার সানডে উপলক্ষে এক বক্তব্যে আশা প্রকাশ করেন জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রী আরমিন লাশেট৷ তিনি বলেন, জার্মানিতে খুব শিগগিরই জনগণ কিছুটা স্বাভাবিক জীবনযাপন দেখতে পাবেন, তবে তা হতে হবে দায়িত্বশীল।

ইস্টার সানডে উপলক্ষে এই বক্তব্য দেন লাশেট। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডাব্লিউডিআর রোববার সন্ধ্যায় এই সিডিইউ (ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন) নেতার বক্তব্য সম্প্রচার করে। চলমান করোনা সংকট মোকাবেলায় গেল কিছুদিনের পরিসংখ্যানকে ইতিবাচক বলে উল্লেখ করেন লাশেট।

‘দিনকে দিন ভাইরাসের সংক্রমণের হার কমে আসছে, কারণ আপনারা দূরত্ব বজায় রেখেছেন এবং সহযোগিতা করেছেন,’ বলেন তিনি। তিনি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, উদ্ধারকর্মী, পুলিশ ও বিক্রয় প্রতিনিধি সবাইকে ধন্যবাদ জানান।

জার্মানির ১৬টি রাজ্যের আট কোটি জনসংখ্যার প্রায় ২২ ভাগ লোক থাকেন (১.৮ কোটি) শুধু এনআরডাব্লিউ রাজ্যেই। রোববার পর্যন্ত এখানে ২৪ হাজার ২৬৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৯৫ জন৷ আর পুরো জার্মানিতে এদিন পর্যন্ত এক লাখ ২০ হাজার ৪৭৯ জন আক্রান্ত হয়েছেন এবং ২,৬৭৩ জন মারা গেছেন।

এদিকে, বিশ্লেষকরা এ বলেও সতর্ক করেছেন, ‘সংক্রমণের হার আবারো বাড়তে পারে৷’
তথ্যসূত্র: ডয়েচে ভেলে

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর