গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে : চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী (ভিডিওসহ)
প্রাণঘাতী করোনাভাইরাস সংকট মুহুর্তে দেশের চিকিৎসকদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এ ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।’
করোনায় যেসব স্বাস্থ্যকর্মী চিকিৎসা দিচ্ছেন তাদের সম্মানী দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন ইতোমধ্যেই তাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছি। তাদের বিশেষ সম্মানী দেয়া হবে। এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।’
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করা হচ্ছে।’
স্বাস্থ্যবীমা ও জীবনবীমার বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনকালে যদি কেউ আক্রান্ত হন, তাহলে পদমর্যদা অনুযায়ী প্রত্যেকের জন্য থাকছে ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা এবং মৃত্যুর ক্ষেত্রে এর পরিমাণ ৫ গুণ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যবীমা ও জীবনবীমা বাবদ বরাদ্দ রাখা হচ্ছে ৭৫০ কোটি টাকা।
“মনোবল হারাবেন না, গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে”- চিকিৎসকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
“মনোবল হারাবেন না, গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে”- চিকিৎসকদের বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Gepostet von Barta Bazar am Montag, 13. April 2020
বার্তাবাজার/ডাব্লিও.এস