যশোর কেশবপুরে শ্বশুর বাড়িতে রেখে করোনা রোগীর চিকিৎসা, এলাকায় আতঙ্ক

যশোরের কেশবপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।দ্রুত আক্রান্ত ব্যক্তিকে যশোর করোনা ইউনিটে নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার(১৩ই এপ্রিল)সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম আক্রান্ত ওই ব্যক্তির স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনায় প্রেরণ করেছে।

গত বুধবার(৮ই এপ্রিল) মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর করোনা উপসর্গ দেখা দিলে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে প্রেরণ করা হয়।

এরপর তিনি সেখান থেকে কেশবপুর উপজেলার ইমাননগর গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান করেন।রবিবার(১২ই এপ্রিল)খুলনা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ওই স্বাস্থ্য সহকারীর নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান।

এ খবরে জেলা সিভিল সার্জন ডাঃশেখ আবু শাহীন,যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ রায় কেশবপুর উপজেলার ইমাননগর গ্রামে উপস্থিত হয়ে করোনায় আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারীকে শ্বশুর বাড়িতেই রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন।

এ সময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীসহ পুলিশ প্রশাসসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় ওই বাড়িটি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়।

এ খবরে গোটা কেশবপুরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এলাকাবাসী তাকে দ্রুত ওই গ্রাম থেকে নিয়ে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রেখে চিকিৎসার দাবি জানান।যশোর জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন ও যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দিলীপ রায় বলেন,করোনায় আক্রান্ত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীকে আপাতত তার শশুর বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।তার অবস্থার অবনতি হলে যশোরে নিয়ে আসা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর