ফরিদপুরে দুই করোনা রোগী শনাক্ত

ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের দুজনই জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লক ডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

দুইজনের শরীরে করোনা পজেটিভ হওয়ায় ফরিদপুরে এই প্রথম করোনায় আক্রান্ত হওয়া রোগীর সন্ধান পাওয়া গেল। করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের ৬২ বছর বয়সী এক ব্যাক্তির। এছাড়া ওই একই ইউনিয়নের আটাইল গ্রামের ৪৮ বছর বয়স্ক আরেক ব্যাক্তিরও রিপোর্ট পজিটিভ এসেছে।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার বিকেলে ওই দুই ব্যাক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনের ফল পজেটিভ এসেছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়নগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন। তিনি বলেন, ওই দুই ব্যাক্তি বাড়িতে থাকতেন না।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ওই দুই ব্যাক্তির বাড়িতে এসে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। এলাকায় আসার পর তারা কাদের সাথে মেলামেলা ও চলাফেরা করেছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আমরা ওই দুই ব্যক্তির যাতায়ত সম্পর্কে তথ্য তালাশ করছি। প্রয়োজন হলে নগরকান্দা উপজেলা লক ডাউন করে দেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর