সরকারি ১০ টাকা কেজি চাল নিয়ে অনিয়মে সেচ্ছাসেবক লীগ সভাপতি আটক

মানিকগঞ্জের সিংগাইরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম ও অবৈধ মজুদের অসঙ্গতি পাওয়ায় ডিলার আবু বক্কর সিদ্দিক ওরফে বরকতকে আটক করেছে সিংগাইর উপজেলা প্রশাসন।

রবিবার সন্ধ্যার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা বাজার বিক্রয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত ডিলার ইউনিয়নের গাজিন্দা গ্রামের মৃত তালেব আলীর পুত্র এবং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিনের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম চলছিল।

হঠাৎ অফিসের কাজে তিনি উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ে চলে যান। বিকালে আবার ফিরে গেলে মজুদকৃত চাল ও মাস্টাররোল গণনা করে অসঙ্গতি লক্ষ্য করেন। তাৎক্ষণিক খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর হোসেনকে জানালে ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লাকে বিষয়টি অবগত করেন।

ইউএনও রুনা লায়লা ঘটনাস্থলে উপস্থিত হলে খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে মাস্টাররোল ও মজুদ গণনা করেন। এতে ৩০ কেজি ওজনের ৮৯ বস্তা চাল কম পান এবং মার্চ মাসের বরাদ্ধকৃত ৫০ কেজির ৪৪ বস্তা চাল পার্শ্ববর্তী রুম থেকে উদ্ধার করা হয়। ওই অসঙ্গতির কারণে আওয়ামীলীগ নেতা ও ওএমএস ডিলার বরকতকে আটক করেন।

ইউএনও বলেন, খবর পেয়ে ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়ে ৩০ কেজি ওজনের ৮৯ বস্তা চাল কম এবং মার্চ মাসের বরাদ্ধকৃত ৫০ কেজির ৪৪ বস্তা চাল পার্শ্ববর্তী রুম জব্দ করি।

ডিলারকেও আটক করা হয়েছে। ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, কর্মসূচির চাল আত্বসাৎ করা ও অবৈধ মজুদ রাখার অভিযোগে আটক করে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং দুদকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর