চাঁপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোর মারা গেছে। তার বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।
সিভিল সার্জন বলেন, ওই কিশোর রাজশাহীর একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তিনদিন আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে সে। এরপর থেকেই জ্বর, সর্দি ও ডায়রিয়ায় ভুগছিলো। রবিবার রাত পৌনে ৮টার দিকে সে মারা যায়। করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি রাজশাহীর শাহীন ক্যাডেট স্কুলে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার বাবা চাকরি করায় ঢাকায় অবস্থান করছিলেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার বলেন, ওই কিশোরের মৃত্যুর পর বাঘারপাড়া গ্রাম লকডাউন করা হয়েছে এবং তার বাবা-মাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রাতেই বিশেষ ব্যবস্থায় জানাযা শেষে লাশ দাফন করা হয়।
বার্তাবাজার/এমকে