চাকরি থেকে ছাঁটাই করার প্রতিবাদে গাজীপুরের সালনা এলাকায় অক্সফোর্ড শার্ট নামের একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার কারণে পণ্যবাহী গাড়ি আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
শ্রমিকরা জানায়, যাদের চাকরির মেয়াদ ৬ মাস হয়নি তাদের ছাঁটাই করে দিচ্ছে মালিকপক্ষ। আজ কারখানায় বেতন পরিশোধের ধার্য তারিখ ছিল। সকালে শ্রমিকরা বেতন নিতে গেলে ছয় মাসের কম কাজ করছে এমন শ্রমিকদের বেতন পরিশোধ করে তাদের পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলে কারখানা কর্তৃপক্ষ।
সবাইকে অবৈধভাবে ছাঁটাই নিয়ে অসন্তোষ দেখা দেয়। পরে দুপুরে শ্রমিকরা তাদের কাজে পুনর্বহাল এবং ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে নামেন। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ কারখানা ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়।ফলে ওই মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকরা আন্দোলনে নামে এবং সড়ক অবরোধ করে রেখেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে।
বার্তাবাজার/এসজে