ফরিদপুরে সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় মামলা না করতে প্রতিপক্ষকে হুমকি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানীতে আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাটের ঘটনায় মামলা না করতে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। এ ঘটনায় আতঙ্কে দিন যাপন করছে তারা।

জানা যায়, বিগত বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বেলজানি গ্রামের জিন্নাহ মাতুব্বর ও আ’লীগ নেতা আলাউদ্দিন মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গত ৭ ও ৮ এপ্রিল বেলজানি গ্রামে উভয়পক্ষে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় আলাউদ্দিনের সমর্থকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে জিন্নাহ মাতুব্বরের পক্ষের লোকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ২০টি বাড়িঘর, ১৮টি বৈদ্যুতিক মিটার, ৩টি মোটরসাইকেল, ২টি নসিমন, ২টি অটোবাইক, ২টি দোকান, আসবাবপত্র, ফ্রিজ-টিভি ভাংচুর ও ২টি ছাগল, ৩টি গরু, পিয়াজ ও রবি ফসল এবং দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় জিন্নাহ মাতুব্বরের লোকজন বাধা দিতে আসলে ১৫ থেকে ২০ জন সমর্থক আহত হয়। আহতদের মধ্যে ইমাম হোসেন (৩০) ও বায়েজিদ সিকদারকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর থেকে থানায় মামলা না করতে আলাউদ্দিন মাতুব্বরের লোকজন প্রতিপক্ষ জিন্নাহ মাতুব্বরের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে জিন্নাহ মাতুব্বর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীর নির্বাচন করায় আমার প্রতিপক্ষ আলাউদ্দিন মাতুব্বর বিগত উপজেলা নির্বাচন থেকে আমি ও আমার লোকজন নানাভাবে হয়রানি করে আসছে। এরই জের ধরে সম্প্রতি আমার সমর্থকদের ২০টি বাড়িঘর ও দুইটি দোকানঘর ভাংচুর ও লটুতরাজ চালায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে থানায় মামলা না করার জন্য বিভিন্নভাবে প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার পরপরই অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা নেয়নি থানা পুলিশ।’

আলাউদ্দিন মাতুব্বরের মোবাইল ফোনে একাধিক যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, ‘বেলজানির সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর