অবশেষে লক-ডাউন করা হলো সাভার উপজেলা। নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার ঠেকাতে সাভারের সঙ্গে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যই মূলতঃ এই লক-ডাউন করা হয়েছে বলে সাভার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, রাজধানীসহ সাভারের আশপাশের জেলা ও উপজেলায় লোকজন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ফলে ওই সব জেলা ও উপজেলার মানুষ সাভারের ওপর দিয়েই যাতায়াত করার কারণে তাদের মাধ্যমে সাভারের লোকজনও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বিধায় সাভার হয়ে রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীর উপকন্ঠ সাভারের আমিনবাজার সহ অন্যান্য প্রবেশপথে পুলিশের পাহারা বসানো হয়েছে।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে। এখন থেকে এখানকার কোনো নাগরিক সাভারের বাইরে যেতে পারবেন না এবং পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবেন না।
তবে পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার কাজে নিয়োজিত সকল পরিবহন চলতে পারবে বলেও জানান তিনি।
এদিকে, বিরুলিয়া ব্রিজ দিয়ে করোনা আক্রান্ত রাজধানীর মিরপুর এলাকার অনেক মানুষ সাভারে প্রবেশ করে আসছিলেন। এই ঘোষণার ফলে এই পথ দিয়ে অবাধে যাতায়াত বন্ধ হয়ে সাভার উপজেলায় করোনা ভাইরাসের বিস্তারের পথ রুদ্ধ হলো।
বার্তা বাজার/এম.সি