মরণঘাতী করোনাভাইরাসে টাঙ্গাইলে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলে সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে ভূঞাপুরে তিনজন, মধুপুরে একজন এবং নাগরপুরের একজন রয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আহমেদ বলেন, রোববার সকালে উপজেলার ৯ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত তিনজন গোবিন্দাসী ইউনিয়নের সাফলকুড়া ও জিগাতলা গ্রামের। ওই দুটি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা আক্তার বলেন, রোববার সকালে উপজেলার ৯ জনের নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার অরণখোলা ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির করোনার উপসর্গ দেখা দেয়ার পর থেকেই ওই এলাকা লকডাউন করা হয়েছে। এখন পরিধি বাড়ানো হবে।
বার্তাবাজার/এমকে