পার্বত্য জেলা বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ধর্মালম্বীদের গুরু উপঞঞাজোত মহাথেরো (উ চ হ্লা) মারা গেছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তার লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অং চালু।
ডা. অং চালু জানান, গত শুক্রবার (১০ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে।
তার মৃত্যুর খবরে তিন পার্বত্য জেলাসহ সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় ও ভক্তকূলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সারা বিশ্বজুড়েই তার অসংখ্য ভক্ত ও গুনগ্রাহী রয়েছে। মৃত্যুকালে এই ধর্মীয় গুরুর বয়স হয়েছিল ৬৪ বছর।
জানা যায়, উপঞঞাজোত মহাথেরো ১৯৫৫ সালে ২২শে ডিসেম্বর পার্বত্য বান্দরবানের রাজপরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে ৭ই জুন চিংম্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উপণ্ডিত মহাথের কাছে প্রব্রজ্যা গ্রহণ করে গৃহজীবন ত্যাগের মাধ্যমে নিজকে সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত করেন। এর ৬ মাস পরই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে তিনি উপসম্পদা (ভিক্ষুত্ব) গ্রহণ করেন।
১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে L.L.B(Hons), ১৯৮২ সালে L.L.M এবং ১৯৮৩ সালে B.C.S পাশ করেন। B.C.S পাশের পর তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর মাত্র ১২ বছর তিনি কর্মজীবনে ছিলেন।
বান্দরবানের পর্যটন কেন্দ্র বুদ্ধ ধাতু জাদি যা সবার কাছে স্বর্ণ মন্দির নামে পরিচিত এবং রাম জাদির প্রতিষ্ঠাতাও তিনি। এছাড়া তিনি ভারতের বুদ্ধগয়া, মিয়ানমার ও থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির স্থাপন করেন।
২০০২ সালে জুলাই মাসে অনাথ ও গরিব ছেলেদের জন্য বি হ্যাপী লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করেন।
বার্তাবাজার/এসজে