সাভারে বেতন-ভাতার দাবীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকার সাভারে বেতন-ভাতার দাবীতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে সাভারের হেমায়েতপুরের রাকিব অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পুলিশ ও শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালে সাভারের হেমায়েতপুরের রাকিব অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের জন্য কারখানার সামনে জড়ো হয়। এসময় কারখানা বন্ধ পেয়ে তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন এবং পরে হেমায়েতপুর-সিংগাইর সড়কে অবস্থান নেন।

এব্যাপারে রাকিব অ্যাপারেলসের বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত জানুয়ারি মাস থেকে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। গত তিন মাসে কয়েক দফায় তাঁদের বেতন দেওয়ার আশ্বাস দেয়া হলেও সেই অনুযায়ী তাদের বেতন দেওয়া হয়নি। সর্বশেষ সোমবার (১৩ এপ্রিল তাঁদের বেতন দেওয়ার কথা থাকলেও এর আগেই কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা গণমাধ্যমকে আরও জানান, তিনমাস যাবত বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। সারা দেশে করোনা ভাইরাসের এই মহামারির সময়ে তারা নতুন করে কোনো কাজও খুঁজে পাচ্ছেন না। ফলে বাসার মালিক ও দোকানিদের পাওনা টাকার জন্য চাপ সহ্য করে জীবনধারণ করাটা এক দূর্বিসহ অবস্থার ভিতরে ফেলেছে তাদের।

এব্যাপারে সাভার থানার উপ-পরিদর্শক এনামুল হক বলেন, রাকিব অ্যাপারেলসের শ্রমিকেরা আজ (সোমবার) সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। মালিকপক্ষ এবং শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টির সুরাহা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তবে পাওনা বেতন-ভাতা ও শ্রমিক বিক্ষোভের বিষয়ে রাকিব অ্যাপারেলস কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর