ইবিতে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চলমান করোনা দুর্যোগের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সরকারি ছুটি অনুযায়ী অফিসসমূহ ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম লতিফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। পুনরায় ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ খােলার বিষয়টি অন্তত ৩ (তিন) দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানাে হবে।

তবে ঐ বিজ্ঞপ্তিতে মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকার কথা বলা হয়েছে এবং নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে বলা হয়। এছাড়া করােনা পরিস্থিতি সংক্রান্ত যে কোন প্রয়োজনে ইবি করোনা প্রতিরােধ সেল-এর সাথে যােগাযােগ করতে অনুরােধ করা হয়।

এদিকে ঐ বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্ঠাচার অনুসরণপূর্বক নিজ নিজ ঘরে অবস্থান এবং নিজ উদ্যোগে পাঠক্রম, সামগ্রিক বিষয়ে অধ্যায়ন ও সীমিত পরিসরে শরীর চর্চার পরামর্শ দেয়া হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে সরকারী ঘোষণা অনুযায়ী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইবি বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে বন্ধের সময়সীমা দুই দফায় ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয় বলে জানা গেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর