আইসোলেশন থেকে জানালা ভেঙে পালালো কারা হেফাজতে থাকা আসামী

যশোর জেলারেল হাসপাতালে আইসোলেশনে থাকা হাজতি ক্যান্ডকাপসহ জানালা ভেঙে পালিয়ে গেছে। অপহরণ মামলায় গ্রেফতারকৃত আসামীর নাম শাকিল ওরফে সুজন (২৫)। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সে হাসপাতালের আইসোলেশন ইউনিটের জানালা ভেঙ্গে পালিয়ে যায় বলে জানা গেছে।

পালিয়ে যাওয়া আসামী সুজন যশোর কোতয়ালী থানায় কিশোরী অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। রাজবাড়ির পাংশার বাহাদুরপুরের রঞ্জিত কুমার মল্লিকের ছেলে সুজন কয়েক বছর ধরে যশোর শহরের বারান্দি হাসান মুহুরির বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালনার কাজ করতো।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, সুজন গত ৪ এপ্রিল পুরাতন কসবার বাসিন্দা এক ব্যাংক কর্মকর্তার কিশোরী মেয়েকে নিয়ে পালিয়ে গেলে মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এ মামলায় পুলিশ তাকে ১০ এপ্রিল গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কিন্তু সুজনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে কারাগার থেকে ওইদিনই যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখান থেকে রোববার রাতে জানালা ভেঙে হ্যান্ডকাপসহ সুজন পালিয়ে যান।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, রাত ১০টার দিকে দায়িত্বরত সেবিকা তুলি তাকে ওষুধ খাওয়ার জন্য গেলে পলায়নের বিষয়টি ধরা পড়ে। তার প্রহরায় আইসোলেশন ওয়ার্ডের বাইরের দুই পাশে দুইজন পুলিশ ও চারজন কারারক্ষী ডিউটি করছিলেন। কিন্তু পেছনের জানালা ভেঙে পালানোয় তারা টের পাননি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর