মাটির নিচ থেকে উদ্ধার হলো রকেট লাঞ্চার

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাতেরবেলা উপজেলার গড়্গড়ি গ্রামের মন্টু মন্ডলের বাড়ি থেকে এই মারণাস্ত্রটি উদ্ধার করা হয়। রোববার (১২ এপ্রিল) এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার (১৩ এপ্রিল) সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল চুয়াডাঙ্গায় এসে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করবেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, আলমডাঙ্গার গড়গড়ি গ্রামের মন্টু মন্ডলের বাড়িতে গৃহনির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। শনিবার (১১ এপ্রিল) দুপুরের পর নির্মাণ শ্রমিকরা মাটি খুঁড়ার সময় হঠাৎ করে মাটির নিচে লোহাজাতীয় কিছু একটা দেখতে পায়। সন্দেহ হলে খবর দেওয়া হয় স্থানীয় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যদের। বিকালেই ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি রকেট লঞ্চার হিসাবে সনাক্ত করে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করেন। বর্তমানে সেটিকে আলমডাঙ্গা থানাতেই একটি বস্তার মধ্যে রাখা হয়েছে। তবে তিনি জানান, উদ্ধারকৃত রকেট লঞ্চারটি যুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ এতে অনেক মরিচা পড়ে য়াছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটি উদ্ধারের ঘটনাটি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একইসঙ্গে যশোর সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও জানানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলের চুয়াডাঙ্গাতে আসার কথা রয়েছে। বিশেষজ্ঞ দলটি আসলে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর