প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে রহিমা বেগম নামে এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। এনিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৭ জন।
রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ফতুল্লার পূর্ব ইসদাইরের বাসিন্দা এই নারী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রহিমা বেগম ওই এলাকার সুলতান মিয়ার স্ত্রী।
রহিমার বড় ছেলে রিপন বলেন, শনিবার তার মায়ের প্রেসার ও ডায়াবেটিক সমস্যা বেড়ে যায়। পরে রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে করোনা উপসর্গ থাকায় ভর্তি করা হয় কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানে রাতে মারা যান। পরে তার নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট আসে।
রিপন আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা নিজেরাই লাশ দাফন করবে। আর সোমবার সকালে এসে তাদের বাড়ির সকলের নমুনা সংগ্রহ করবে। এ বাড়িতে রহিমা বেগমের তিন ছেলে, স্বামীসহ ১১ সদস্য রয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, পরিবারের সদস্যদের দূরত্ব বজায় রেখে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সোমবার নমুনা সংগ্রহ করা হবে পরিবারের অন্য সদস্যদের। বর্তমানে তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
বার্তাবাজার/এমকে