আইসোলেশন ওয়ার্ডের জানালা ভেঙে পালাল হ্যান্ডকাফ পরানো আসামি!

যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে হ্যান্ডকাফসহ এক হাজতি পালিয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে ওয়ার্ডের একটি জানালা ভেঙ্গে পালিয়ে যান তিনি।

পলাতক ওই হাজতির নাম সুজন (২৫)। তিনি রাজবাড়ির পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকার রণজিৎ কুমার মল্লিকের ছেলে। পলাতক সুজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, সুজন সাড়ে চার বছর আগে যশোরের মণিরামপুরের এক মেয়েকে বিয়ে করে। স্ত্রীকে নিয়ে সে যশোর শহরের বারান্দিপাড়ায় বসবাস করতো। কিছুদিন আগে তিন বছরের মেয়েসহ স্ত্রীকে তালাক দেয়। এরপর বারান্দিপাড়ার এক ব্যাংক কর্মকর্তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মেয়ের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুজনের নামে যশোর কোতোয়ালী থানায় মামলা করে।

পুলিশ গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সুজনকে আটক করে যশোর আনে। এরপর ১০ এপ্রিল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সুজনের শরীরের করোনার উপসর্গ থাকায় কারাগার থেকে ওইদিন সন্ধ্যায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখান থেকে আজ রাতে ওয়ার্ডের জানালা ভেঙ্গে হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়।

তুহিন কান্তি খান আরো জানান, ঘটনাটি জানার পর ডিআইজি প্রিজনসহ কারাগারের কর্মকর্তারা হাসপাতালে যান এবং কোতোয়ালী পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তারা সুজনকে খুঁজতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় জিডি করা হচ্ছে। এছাড়া তার পৈত্তিক নিবাস রাজবাড়ি জেলা পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর