প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এ বছর রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে, প্রধান দুই মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু থাকবে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না।
রোববার দেশটির সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।
সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আলে শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিলো- পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমার সেটা করতে বাধ্য হয়েছি। উমরাও বন্ধ রাখা হয়েছে।
আমরা আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।
বার্তাবাজার/কে.জে.পি