করোনা ভাইরাসে সৌদিতে মৃতের সংখ্যা অর্ধ শতাধিক ছাড়িয়েছে। গতকাল (রবিবার) দেশটির পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উপসর্গসহ ভিন্ন ভিন্ন রোগের তাদের মৃত্যু হয়।
মক্কায় মারা গেছেন- নাজিম উদ্দিন (৪৮), ছৈয়দুল হক(৫২), এম এ আবু তাহের (৪৮) এবং মোহাম্মদ সফি সওদাগর। মদিনায় আজিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। করোনা পরিস্থিতিতে অন্য রোগে আক্রান্ত হয়ে সাম্প্রতিক সময়ে ৩৫ জন বাংলাদেশি সৌদি আরবে মারা গেলেন।
জানা গেছে, করোনা উপসর্গ দিয়ে ভুগছিলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনগর ইউনিয়নের শাহসুফি গ্রামের বাসিন্দা নাজিম উদ্দীন। জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল শনিবার রাতে মক্কা নগরের নিজ বাসায় তার মৃত্যু হয়। তবে পরিবার বলছে, করোনা উপসর্গ থাকলেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ছৈয়দুল হক। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে শারিরিক অবস্থার অবনতি হয় তার। পরে তার ছেলে তাকে মক্কা নগরীর একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার সময় তার মৃত্যু হয়।
ছৈয়দুল হকের বাড়ি কক্সবাজারের ঈদগাহ উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ পালারকাটা গ্রামে।
নিজ বাসায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় এম আবু তাহেরের। গত শুক্রবার তিনি মারা যান। কক্সবাজার জেলা সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
গতকাল শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কার কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ সফি সওদাগর। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। মক্কার জাফরিয়া মার্কেটের পাইকারী ব্যবসায় করতেন তিনি।
মদিনায় গতকাল শনিবার সকালে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় আজিজুর রহমানের। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়।
কেএ/বার্তাবাজার