প্রাণঘাতী করোনা ভাইরাসকে পরাস্ত করে, বাড়ি ফিরল একরত্তি শিশু। এ যেন মৃত্যুমিছিলের ভীড়ে, এক যুদ্ধ জয়ের হাসি।
কোভিড-১৯ সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা ভারতের দক্ষিণ কন্নড়ের মাত্র ১০ মাস বয়সি ওই শিশুকে শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কর্নাটকে ওই একরত্তিই রাজ্যে সব থেকে কনিষ্ঠ করোনা আক্রান্ত।
ভারতীয় গণমাধ্যম বলছে, দক্ষিণ কন্নড়ের বন্তওয়াল তালুকের সাজিপানাদু গ্রামের ১০ মাস বয়সি ওই শিশুকে করোনার সংক্রমণ নিয়ে একটি বেসরকরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৩ মার্চ থেকে দেরালাকাট্টের কেএস হেগড়ে হাসপাতালে তার চিকিৎসা চলছিল। ২৫ মার্চ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। মাঝের এই ক’দিন ধরে চিকিৎসা চলার পর, গত ৭ এপ্রিল তার ফের টেস্ট হয়। রিপোর্ট নেগেটিভ আসার পর ৮ এপ্রিল পুনরায় টেস্ট করা হয়। সেই রিপোর্টও নেগেটিভ আসে।
সরকারি সূত্রের খবর, গত সাত দিনে দক্ষিণ কন্নড়ে নতুন করে কারও শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েনি। যে সাতজন এ পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন, প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্যের সব থেকে কনিষ্ঠ করোনা আক্রান্ত ১০ মাসের শিশুটিও বাড়ি ফিরেছে।
বার্তাবাজার/কে.জে.পি