সময়ের সাথে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। আর এ ভাইরাসে মৃতদের দাপনের জন্য গাইডলাইন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সে গাইডলাইন উপেক্ষা করে করোনাভাইরাসে মৃতদের পোড়ানোর (শবদাহ) জন্য সরকারি নির্দেশনা জারি করেছে শ্রীলঙ্কা।
বায়োলজিক্যাল ঝুঁকির অজুহাতে নতুন এই নির্দেশনার গেজেট শনিবার (১১ এপ্রিল) প্রকাশ হয়েছে। এর ফলে ওই দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গেজেটে বলা হয়েছে, কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত বা আক্রান্তের সন্দেহ করা হচ্ছে, এমন মৃত ব্যক্তিদের লাশ ৮০০ ডিগ্রি থেকে ১ হাজার ২০০ ডিগ্রি তাপমাত্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পোড়াতে হবে।
এ ধরনের লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা যাবে না। শবদাহ করতে পারবে এমন কর্তৃপক্ষের কাছে ওই মরদেহ হস্তান্তর করা হবে। গেজেটে আরও বলা হয়েছে, করোনায় মৃতদের মরদেহ গোসল করানো যাবে না। একটি ব্যাগে ভরে তা কফিনে রাখতে হবে, যা ইসলামে লাশের গোসল করানো রীতিবিরোধী।
কেএ/বার্তাবাজার