করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসন করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এ ঘোষণা দেয়।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ৭তারিখে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয় এবং ১১ই এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পালিয়ে টুঙ্গিপাড়া গ্রামের বাড়ীতে এসে ঔষুধ কম্পানীর এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এ সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ’–সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ধারায় টুঙ্গিপাড়া উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়।
চেকপোষ্ট বসিয়ে আঞ্চলিক সড়ক ও অন্য কোনো জেলা বা উপজেলা থেকে কেউ এই উপজেলায় প্রবেশ কিংবা উপজেলা থেকে কেউ বাইরে যাওয়া বন্ধ করা হবে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। উপজেলার অভ্যন্তরীণ সব যোগাযোগ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে জরুরি পরিষেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলেও জানান তিনি।
কেএ/বার্তাবাজার