নওগাঁর পত্নীতলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইস বুকে গুজব ছড়ানোর অভিযোগে ইখতিয়ার উদ্দীন আজাদ (২৯) নামে এক স্থানীয় সাংবাদিককে আটক করা হয়েছে। রবিবার ভোর রাতে থানা পুলিশ নিজ বাসা থেকে উপজেলার আল-হেরা স্কুলপাড়া থেকে আটক করা হয়।
পুলিশ বিকেলে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে। ইখতিয়ার নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়ার আবুল কালাম আজাদ এর ছেলে। ইখতিয়ার দৈনিক অবজারভার, দৈনিক ভোরের ডাক, দৈনিক সোনার দেশসহ কয়েকটি অনলাইন পত্রিকার পত্লীতলা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত বলে জানা গেছে।
পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান প্রদত্ত এজাহার সূত্রে জানা গেছে, আটককৃত ইখতিয়ার উদ্দীন আজাদ নিজ ফেইসবুক আইডি ও কয়েকটি অনলাইন পোর্টাল ব্যবহার করে করোনা ভাইরাস নিয়ে উদ্দেশ্য মূলক বিভ্রান্তিমুলক সংবাদ, অপ্রচার ও ছবি প্রকাশ করে গুজব ছড়িয়ে আসছিলেন।
গত শনিবার রাতে ডিউটি অবস্থায় লোকমুখে তিনি জানতে পারেন যে, ইখতিয়ার উদ্দীন করোনা ভাইরাস নিয়ে তার নিজ ফেইসবুক ব্যবহারের মাধ্যমে নানারকম গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমুলক প্রচারণা চালাচ্ছেন।
এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স ও অফিসারসহ রবিবার ভোর সাড়ে ৩টার দিকে তার নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলে তাঁর ফেসবুক আইডি চেক করলে নানারকম বিভ্রান্তিমুলক প্রচারণা চালানোর প্রমাণ পাওয়া যায়।
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে যে, নানা রকম গুজব সম্বলিত লেখা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শেয়ার ও প্রচার করে ইচ্ছেকৃত ভাবে একে অপরের প্ররোচনা ও সহায়তায় রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ক্ষুন্ন করেয়া বিভ্রান্তি ছড়াইয়া, অপপ্রচার ও জনসাধারণের মধ্যে ভীতি ও আংতক সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে মিথ্যা তথ্য সম্বলিত ছবি ধারণ করে ফেইসবুকে প্রচার ও শেয়ার করিয়া জনসাধারণের মধ্যে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধি।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার বিকেলে ইখতিয়ার উদ্দীন আজাদকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেএ/বার্তাবাজার