করোনা রোগী আখ্যা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা

করোনা নিয়ে যখন দেশের মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে সেখানে করোনাকে পুঁজি করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সুস্থ্য এক মানুষকে করোনার রোগী আখ্যা দিয়ে প্রতিপক্ষের একজনকে ফাঁসানোর জন্য জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারে তার ছবি দিয়ে আবেদন জানানো হয়। শুধু জেলা প্রশাসকের ম্যাসেঞ্জারেই মিথ্যা তথ্য দিয়েই থেমে থাকেনি। এমনকি সেই ব্যক্তির ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’-এ ছড়িয়ে দেওয়া হয়েছে।

ফলে সেই ব্যক্তিটি এখন সামাজিক ভাবে নানা হয়রানীর শিকার হচ্ছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামে। অপচেষ্টার শিকার হওয়া ওই ব্যক্তিটি অবশেষে নগরকান্দা থানা পুলিশের শ্মরনাপন্ন হয়েছেন।

ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে নুরু মাতুব্বর (৫৭) জানান, গ্রাম্য বিরোধের জের ধরে তার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন মিথ্যা অপবাদ দিয়ে জেলা প্রশাসক অতুল সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রুকে অবহিত করে বলেন, আমি নাকি নারায়নগঞ্জ জেলায় বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরে পালিয়ে এসেছি। আমি নাকি গ্রামে পালিয়ে রয়েছি। মহামারী রোধে আমাকে প্রশাসনের হেফাজতে নেবারও দাবী জানানো হয়।

তিনি বলেন, প্রতিপক্ষটি শুধু জেলা প্রশাসক ও ইউএনওকে নয় তাদের ফেসবুকে আমার ছবি দিয়ে সামাজিক ভাবে হেয় করছে। বিষয়টি জানতে পেরে আমি স্থানীয় প্রশাসনকে জানাই। তারা খোঁজ নিয়ে দেখতে পায় আমি সম্পূর্ন সুস্থ্য ও ভালো আছি। ফলে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। এ বিষয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করে ঘটনার কোন সত্যতা খুঁজে পায়নি। নুরু মাতুব্বর আসলে অপপ্রচারের শিকার হয়েছেন।

তিনি বলেন, যারা এই ধরনের কাজ করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করতে সাহস না পায়। ওসি আরও বলেন, আইটি সাপোর্ট নিয়ে অপপ্রচারকারীদের সনাক্ত করার কাজ চলছে।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, গত শুক্রবার নূরুর প্রতিপক্ষরা এ অপকর্ম করেছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে ইউএনও’র সাথে আমার কথা হয়েছে। নূরুর প্রতিপক্ষের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর