করোনা ভাইরাস প্রতিরোধে রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত গত চার দিনে জেলায় তিন শতাধিক ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ। জেলার বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে ঢাকা, নারায়নগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে ফেরত ব্যক্তিদের নাম ঠিকানা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করে পুলিশ।
এদিকে রবিবার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় চেকপোষ্ট বসিয়ে ৭টি বাসে করে ফরিদপুরের আলতুখান জুটমিল থেকে আসা শ্রমিক ও তাদের পরিবারের ২০৯ জনকে চিহ্নিত করে পুলিশ। পরে তাদের নাম ঠিকানা সহ তালিকা করে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

পুলিশ প্রশাসনের তথ্যমতে, জেলা শহরসহ উপজেলা শহরের সড়ক ও নৌপথে চেকপোষ্টের মাধ্যমে ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি এসব ব্যক্তির তালিকা জেলা স্বাস্থ্য বিভাগের নিকট প্রেরণ করা হয়েছে বলে পুলিশ প্রশাসন সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাশক মোহাম্মদ রেজাউল করিম বার্তা বাজার কে বলেন,” আমাদের প্রজ্ঞাপনে নিষেধ রয়েছে কুড়িগ্রামে কোন যানবাহন প্রবেশ বা বাহির হতে পারবে না,তবে ২০৯ জন যাত্রী ফরিদপুর ও কুড়িগ্রাম এর পুলিশ সুপারদের বিশেষ অনুমতি নিয়ে তারা প্রবেশ করেন।
” কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, করোনা ভাইরাস মোকাবেলায় আক্রান্ত এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজনের তালিকা তৈরি জন্য জেলার বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসানো হয়েছে। এসব মানুষের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের নিকট তালিকা পাঠানো হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান জানান, জেলার বাইরে থেকে আসা মানুষদের যে তালিকা পুলিশ পাঠিয়েছে সেই তালিকা অনুযায়ী তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। তাদের লক্ষন অনুযায়ী নমুনা সংগ্রহ করা হবে।
কেএ/বার্তাবাজার