ফের করোনা আতঙ্কে কাঁপছে চীন, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯

চীনে ফের নতুন করে করোনা ভাইরাসের আতঙ্ক! চীনের মূল ভূখণ্ডে এক দিনেই প্রায় একশো জন এই ভাইরাসে আক্রান্ত হলেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সে দেশে মাত্র ২৪ ঘণ্টায় মোট ৯৯ জনের দেহে এই ভাইরাস ছড়িয়েছে। সংখ্যার নিরিখে যা শুক্রবারের থেকে দ্বিগুণেরও বেশি। চিনের সরকারি মাধ্যমে টুইট করে জানানো হয়েছে, এক দিনে আক্রান্তের নিরিখে এটি একটি রেকর্ড।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এএইচসি) জানিয়েছে, গত ৬ মার্চের পরে এই প্রথম চিনে এক দিনে এত জন করোনায় সংক্রমিত হলেন। চিনে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৬ জন। বিশ্বের করোনা-আক্রান্তের নিরিখে আমেরিকা, স্পেন, ইটালি, ফ্রান্স এবং জার্মানির পরেই ছ’নম্বরে রয়েছে শি চিনফিংয়ের দেশ। ওই দেশের হুবেই প্রদেশের উহান থেকেই প্রথম এই ভাইরাস ছড়িয়েছিল বলে মনে করেন অনেকে। ইতিমধ্যেই হুবেই প্রদেশে সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৩ হাজার ২১৯ জনের।

এক দিকে, নতুন করে এই রেকর্ড সংখ্যক সংক্রমণের ফলে যেমন চিন্তিত চিনের স্বাস্থ্য মন্ত্রক, অন্য দিকে দুশ্চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাসের বাহ্যিক উপসর্গ নেই, অথচ সংক্রমণ ঘটেছে, এমন মানুষের সংখ্যা বৃদ্ধির হারও। গত কাল চিনে এ ধরনের ৬৩টি কেস সামনে এসেছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার ওই সংখ্যাটা ছিল ৩৪। পাশাপাশি, যে ৯৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে মাত্র দু’জন স্থানীয় বাসিন্দা, বাকিরা বিদেশফেরত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর