ভোলার লালমোহন উপজেলায় বসত ঘরের মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচ থেকে এ চাল উদ্ধার করে পুলিশ। এছাড়াও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহে আলমের ঘর থেকেও আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান , রােববার সকাল ৬ টার দিকে ট্রিপল নাইন থেকে সেখান থেকে জানানো হয় বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে । পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই ।
এসময় জুয়েল মেম্বারের ঘরের খাটের নিচ থেকে মাটি খুড়ে ৫ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করি ।
জুয়েলকে না পাওয়ায় তার বাবা নানুকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা থানায় নিয়ে আসি।একই সাথে সরকারী খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘর থেকে ।
এছাড়া, গতকাল একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ওমর এর এলাকা থেকে বিভিন্ন বাড়ি থেকে আরাে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয় ।
ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান মােঃ ফরিদুল হক তালুকদার , তার ভাতিজা ওয়ার্ড মেম্বার ওমর সহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ওমর মেম্বারকে জেলাহাজতে পাঠিয়েছে আদালত।
বার্তা বাজার / ডাব্লিও.এস