তুমি অনেক ভালো কাজ করছো : মাশরাফীকে প্রধানমন্ত্রী

নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে নড়াইল-২ আসনের সরকারদলীয় সংসদস সদস্য মাশরাফী বিন মুর্তজার নেয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে পরিচালিত ভিডিও কনফারেন্সে নড়াইল থেকে অংশ নেয় মাশরাফী বিন মর্তুজা। এসময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন।

মাশরাফীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তুমি ভাল কাজ করছো। মুক্তিও (নড়াইল-১ সাংসদ) ভাল কাজ করছে। দু’জনে ভাল কাজটা চালিয়ে যাও। তাহলে নড়াইলের ভাল হবে।’

এসময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মাশরাফী বলেন, ‘আজকের এই আয়োজনে আমি সবচেয়ে নবীন। এখানে অনেক প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। আপনি এখানকার সংসদ সদস্য ছিলেন। এ আসন আপনার। আসনের দিকে আপনি অবশ্যই মনোযোগ দেবেন। নড়াইল সদর হাসপাতালে ২৫০ বেডের হাসপাতালে একটি আইসিইউ দিলে নড়াইলবাসী আরও উপকৃত হবে। এছাড়া ১০ টাকার চাল আরও বেশি বরাদ্দ দিলে জনগণ উপকৃত হবেন।’

উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শুধু এখানেই নয়, ভাগে ভাগে চাল বরাদ্দ করা হচ্ছে। রোজাকে সামনে রেখে আবারও চাল দেয়া হবে। আর এখানকার যারা সংসদ সদস্য আছেন এবং জনপ্রতিনিধি আছেন তারা মানুষের জন্য কাজ করছেন। আগামীতেও মানুষের পাশে দাঁড়াবেন। মানুষের যেন কোনো কষ্ট না হয়, সে দিকটা খেয়াল রাখবেন-এটাই আমি কামনা করি।’

এর আগে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী নিজ উদ্যোগে ১২০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। বিতরণ করেছেন ৫০০ পিপিই। রোগীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে চালু করেছেন ভ্রাম্যমাণ হাসপাতাল।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর