ঘরে আগুন লাগার সময় ঘুমিয়ে থাকা এক বৃদ্ধা পুড়ে মারা গেছে। ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার নাম আনোয়ারা বেগম। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে।
নিহত আনোয়ারা বেগম একই এলাকার মৃত আবদিল মোল্লার স্ত্রী।
জানা যায়, আনোয়ারা বেগম উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজের জমিতে একটি ঘরে একাই থাকতেন। তার বসতঘরে অনেক জ্বালানি কাঠ ছিল। শনিবার (১১ এপ্রিল) রাত ১ টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে তার বসতঘরে। প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও বৃদ্ধ আনোয়ারা বেগম মারা যান। তবে কীভাবে ওই ঘরে আগুন লাগে তা কেউ বলতে পারছেন না।
দামুড়হুদা থানার ওসি আবদুল খালেক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ঘরে আগুনের সূত্রপাত হয়। আনোয়ারা বেগম মারা যাওয়ার ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে