টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা হতে রবিবার পর্যন্ত ফেরত এসেছে ৭৯ জন । জানা গেছে, নারয়নগঞ্জ ও ঢাকা জেলার মতো কভিড-১৯ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রাতের আঁধারে বিভিন্ন মালবাহী পরিবহন যোগে দেলদুয়ার উপজেলায় প্রবেশ করেছে তারা। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল ২০২০) বিকেল ৪ টা থেকে দেলদুয়ার উপজেলাকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার । এতে বলা হয়, লকডাউন চলাকালে অন্য জেলা বা উপজেলা থেকে দেলদুয়ার উপজেলায় কোন লোক প্রবেশ করতে পারবে না এবং দেলদুয়ার উপজেলার কোন লোক অন্য উপজেলা বা জেলায় যেতে পারবে না । কিন্তু লকডাউন অমান্য করে করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা হতে দেলদুয়ার উপজেলায় প্রবেশ করায় বিভিন্ন গ্রামবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা হতে এ পর্যন্ত ফেরত এসেছে ৭৯ জন । এদের মধ্যে রয়েছেন, উপজেলার আটিয়া ইউনিয়নে ৩৯ জন,ফাজিলহাটি ইউনিয়নে ১৩ জন,লাউহাটি ইউনিয়নে ১৩ জন, পাথরাইল ইউনিয়নে ৮ জন, ডুবাইল ইউনিয়নে ৫ জন, দেউলি ইউনিয়নে ১ জন ।
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, করোনা ভাইরাস (কভিড-১৯) ঝুঁকিপূর্ন জেলা ফেরত ব্যক্তিদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । এছাড়া তাদের মধ্যে কোন প্রকার করোনা ভাইরাস (কভিড-১৯) লক্ষণ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ।
বার্তা বাজার/এম.সি