চট্টগ্রামের সাতকানিয়ায় মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, ৩৮৭ পরিবার লকডাউন

চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বাস কষ্টে মারা যাওয়া ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন। সাতকানিয়ার প্রথম করোনা আক্রান্ত মৃত ব্যক্তির (৬৯) বাড়ি উপজেলার পশ্চিম ঢেমশা ইছামতি আলীনগর এলাকায়।

গত (৯ এপ্রিল) বৃহস্পতিবার রাতে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহের রিপোর্টে করোনা পজিটিভ হওয়ায় শনিবার রাতে স্থানীয় প্রশাসন ৩নং ওয়ার্ডকে পুরো লকডাউন করেন।

তার দাফন কাফনে সংস্পর্সে যারা ছিলেন সবাই লকডাউনের আওতায় থাকবেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, মৃত ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর পেয়ে রাতে পশ্চিম ঢেমশার ৩নং ওয়ার্ডকে লকডাউন করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম জানান, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহের রিপোর্টে করোনা পজিটিভ হওয়ায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামে গিয়ে পশ্চিম ঢেমশার ৩নং ওয়ার্ডসহ মোট ৩৮৭ পরিবারকে লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পরিবারের কেউ বাড়ি থেকে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত বুধবার রাতে ওই ব্যক্তির শ্বাস কষ্ট বেড়ে গেলে স্বজনরা স্থানীয় আশশেফা হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের ডাক্তার রোগীকে দেখে করোনা সন্দেহ হলে তাৎক্ষণিক ওই ব্যক্তিকে অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

ওই দিন রাতে জেনারেল হাসপাতালে দায়িত্বরত ডাক্তার ওই রোগীকে পরদিন সকালে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার কথা বলেন। রাতে হাসপাতালে রোগী সুস্থ মনে হলে স্বজনরা ভোরে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার রাত ১১টার দিকে গ্রামের বাড়িতে তিনি মারা যান।

ওই ব্যক্তি চট্টগ্রাম মহানগরের ফকিরহাট এলাকায় একটি মুদির দোকান করতেন। করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিলে গত ২৬ তারিখে দোকান বন্ধ করে গ্রামের বাড়িতে চলে যান তিনি। সপ্তাহ খানেক আগে থেকে শ্বাস কষ্টে ভোগছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর