করোনার কারণে চলছে সারাদেশেই অঘোষিত লকডাউন। এরমাঝে এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। করোনার প্রভাবে এইবার আর রমনার বটমূলে ছায়ানটের বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান হবে না। ছায়ানট ভিন্নভাবে আয়োজন করতে যাচ্ছে এবারের বর্ষবরণ উৎসব। এবারের অনুষ্ঠান ডিজিটাল প্রক্রিয়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ‘ডিজিটাল স্বাগত জানান’ এ প্রস্তাবকে অনুসরণ করেই ছায়ানট এ অনুষ্ঠান করতে যাচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) ছায়ানট সভাপতি সানজিদা খাতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সানজিদা খাতুন বলেন, ‘মানুষের নিরাপত্তার স্বার্থে জনসমাবেশ ঘটিয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন না করার সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছায়ানট তাই ‘উৎসব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের’—এই অঙ্গীকার নিয়ে সীমিত আকারের উদ্যোগ নিয়েছে।’
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছায়ানটের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৭টায়। এছাড়া, ছায়ানটের কয়েকটি অনলাইন প্ল্যাটফরমেও সরাসরি সম্প্রচার করা হবে নববর্ষের অনুষ্ঠান।
বার্তাবাজার/এসজে