অবশেষে সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও জরুরি সুরক্ষার প্রয়োজনে ঠাকুরগাঁও জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম শনিবার (১১ এপ্রিল) রাতে এক গণবিজ্ঞপ্তি জারি করে এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এই জেলায় সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
জেলা প্রশাসক জানান, জেলায় জনসাধারণের ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক দিয়ে অন্য জেলার কেউ এই জেলায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আদেশ অমান্য করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে আইইডিসিআরের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান। ৩ জনই পুরুষ ও তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই নারায়গঞ্জের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন।

কেএ/বার্তাবাজার