ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর গ্রামের বাসিন্দা অরুনচন্দ্র (৭০) নামে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি দীর্ঘিদন ধরে জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত ছিলেন।
শনিবার পাশ্ববর্তী জেলা রাজবাড়ীর সিভিল সার্জন নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় নভেল করোনা ভাইরাসে ৫ পজেটিভ ব্যক্তির নামের তালিকা প্রকাশ করেন। সেই ৫ নামের তালিকার একজন অরুনচন্দ্র। তিনি তার জামাতা বাড়ি রাজবাড়ি জেলা সদরের বসন্তপুরে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি এখনো সেখানে রয়েছেন।
রাজবাড়ি জেলার সিভিল সার্জন ডাঃ মো. নুরুল ইসলাম জানিয়েছেন, তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং কোনো সমস্যা হলে আইইডিসিআরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মধুখালী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি এখন রাজবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো ৪৬ জনের নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত ৩৬ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে বলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। আর বাকি ১০ জনের নমুনা পরীক্ষা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারান্টাইনে ৪ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে গেছেন ১৮০০ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১৫৯৪ জন। আইসোলেশনে কেও নাই।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনে নতুন যুক্ত হয়েছেন ২ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২ জন। আইসোলেশনে এখন মোট ৪ জন রয়েছেন।
কেএ/বার্তাবাজার