ঠাকুরগাঁওয়ে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্ত

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ৩ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন হরিপুর উপজেলার ও ১ জন পীরগঞ্জের। তারা ৩ জনই কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন।

সিভিল সার্জন জানান, শুক্রবার ১৪ জন সহ মোট ৮৮ জন সন্দেহজনক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শুক্রবার পাঠানো ১৪ জনের মধ্যে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৩ জনই পুরুষ ও তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

তারা নারায়নগঞ্জে শ্রমিকের কাজ করতেন। আক্রান্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছে। তাদের চিকিৎসায় চিকিৎসকরা তৎপর রয়েছেন। তবে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হয়ে হোম কোয়ারেইন্টেনে থাকার পারামর্শও দেন তিনি।

সিভিল সার্জন আরও জানান, জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত এমন রোগীর কাছ থেকে আজ শনিবারও নমুনা সংগ্রহ করা হচ্ছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, করোনায় আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

তাছাড়া ঐ এলাকায় যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদের খুঁজে বের করার কাজ চলছে। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মানুষ যাতে এ জেলা বা উপজেলায় প্রবেশ করতে না পারে বা বাইরে যেতে না পারে সেজন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর