বিশ্বজুড়ে আতঙ্কিত প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন লাঘবে জনসচেতনতা বাড়াতে হ্যান্ড মাইক হাতে গ্রামে গ্রামে প্রচারণা অব্যাহত রেখেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম আহাদুল হাসান।
এমনকি রাতের আঁধারেও থেমে নেই তার করোনা সচেতনতামূলক প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে।
শুক্রবার রাতে ইউনিয়নের জাটিগ্রামে তাকে করোনা সচেতনতামূলক বিষয় নিয়ে মাইকিং করতে দেখা গেছে।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে জনসচেতনতা বাড়াতে গত এক সপ্তাহ ধরে ইউনিয়নের প্রত্যেক গ্রামে গ্রামে, হাটবাজারে হ্যান্ড মাইক নিয়ে ছুটছেন চেয়ারম্যান আহাদ। শুধু মাইকিং নয়। হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের লোকজনের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান।
এ সময় নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক ওয়াহিদুজ্জামান মিয়া, মাহমুদ মিয়া, সালাহউদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ ও ইউপি সদস্য রবিউল মিয়া প্রমুখ।

পরে তিনি আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করীমের উপস্থিতে বারাশিয়া নদীর ওপর স্থাপিত আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম বাজারের সাথে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত নতুন বাজারের সংযোগ সেতুর প্রবেশ দ্বারমুখে বাঁশ দিয়ে চলাচল বন্ধ করে দেন।
এর আগে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের গাজিপুর ও কাশিয়ানী উপজেলার ধানজাইল ব্রীজ, বেজীডাঙ্গা ও কাশিয়ানী উপজেলার বিশ্বনাথপুর ব্রীজের প্রবেশপথ বন্ধ করে দেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ তিন স্থান দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কোনো গাড়ি বা মানুষ প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন চেয়ারম্যান আহাদ।
কেএ/বার্তাবাজার