চাল চুরির অভিযোগে আরও এক মেম্বার আটক

সারা দেশে করোনা আতংকের মাঝেও সরকারি চাল চুরিতে লিপ্ত হচ্ছেন কতিপয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা। তারই ধারাবাহিকতায় এবার ভোলায় চাল চুরির অভিযোগে মো. ওমর নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত ওমর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে ১৫ বস্তা চাল জব্দ করে ট্যাগ অফিসার ও পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, লালমোহন-তজুমদ্দিনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবার জেলেদের পুনর্বাসনের জন্য সরকার থেকে চাল দেয়া হয়। ব্দদরপুর ইউপির চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার ও তার ভাতিজা ৬নং ওয়ার্ডের মেম্বার ওমর দুজনে মিলে প্রতিবারই চাল বিতরণের সময় অনিয়ম করে আসছেন। চেয়ারম্যান ও তার ভাতিজা ওমরের নেতৃত্বে তাদের নিকটাত্মীয় ও পছন্দের লোকদের জেলে সাজিয়ে নামে বেনামে জেলেদের চাল তোলা হয়। পরে ওই সব চাল পরিষদের পাশে বিভিন্ন বাসা-বাড়িতে লুকিয়ে রাখে।

এমন অভিযোগের প্রেক্ষিতে, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত কয়েকটি বাড়িতে অভিযান চালান তারা। ওমর মেম্বারের এলাকা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের ঘর থেকে চার বস্তা, সুমন চালকের ঘর থেকে ৯ বস্তা ও পরিষদের পাশে সমিলের কাঠেরগুঁড়ার মধ্যে লুকিয়ে রাখা আরও দুই বস্তা চাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল হক তালুকদার বলেন, এসব চাল কার্ডধারী জেলেদের। জেলেরা চাল পেয়ে বিক্রি করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর