করোনার মাঝেও দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান!

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা দিয়ে নিষিদ্ধ করলো জনসমাগম। কিন্তু এত কিছুর মাঝেও মানুষের সচেতনতা তেমন হয়নি। সরকারি নির্দেশ না মানার ধারাবাহিকতায় এবার ঢাকার সাভারে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বেশ কিছু মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় বিয়ের। আর সেখানেই অভিজান চালায় র‍্যাব।

র‍্যাবের অভিযানে বন্ধ করা হয় বিয়ে। একইসাথে বর ও কনে পক্ষকে জরিমানা করা হয় সরকারি নির্দেশ আমান্য করার দায়ে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেহপুর গ্রামে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময়, বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে এবারের মত সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, দেশের এমন পরিস্থিতিতে গণজামায়েত করে চেয়ারম্যানদের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই হতাশাজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ আর্থিক জরিমানা আদায় করা হয়। পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

এ সময় বর ও কনে পক্ষের আট জনকে দোষী সাব্যস্থ করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর