জামালপুরে আওয়ামী লীগ নেতা ও ডিলারের গুদাম থেকে কালোবাজারে পাচারকালে ১২৬ বস্তা সরকারি চাল বহনকারী একটি ট্রাক্টর আটক করেছে স্থানীয় জনতা।
আজ শনিবার (১১ এপ্রিল) ভোরে সদরের নরুন্দি ইউনিয়নের নরুন্দি বাজারে এ ঘটনা ঘটে।
পরে ওই ট্রাক ও গুদাম থেকে ১২৬ বস্তাভর্তি সাত হাজার ৪৪০ কেজি চাল জব্দ এবং ডিলার তোফাজ্জল হোসেন তোফাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সূত্র জানা যায়, নরুন্দি বাজারে আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোফার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে পাচার হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজন গতকাল শুক্রবার মধ্যরাত থেকে ওই গুদামের আশপাশে পাহারা বসায়। রাত পোহালেই আজ শনিবার ভোরে ট্রাক্টরে করে চালের বস্তা পাচারকালে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দেন।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সজিব রহমান পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টর ও গুদামের মালিক ডিলার তোফাজ্জল হোসেন তোফাকে হাতেনাতে আটক করেন। জব্দ করা ১২৬ বস্তা চাল নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের জিম্মায় রয়েছে।
এদিকে চাল পাচারের খবর পেয়ে জামালপুর সদরের ইউএনও ফরিদা ইয়াছমিন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নূরুল আলম খান, জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান। সরকারি চাল কালোবাজারে পাচারের অভিযোগ ওঠায় ইউএনও ফরিদা ইয়াছমিন আটক ডিলার তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন।
সূত্রে আরও জানা যায়, ডিলার তোফাজ্জল হোসেন তোফার বাড়ি পাশের তুলসীরচর ইউনিয়নের মানিকারচর গ্রামে। তিনি ওই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের তালিকাভুক্ত ডিলার।
চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে তুলসীরচর ইউনিয়নের কর্মহীন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চালগুলো বিক্রি করার কথা ছিল। তিনি নরুন্দি বাজারে নিজের গুদামে ভেতর থেকে তালা দিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চালের বস্তা খুলে সাধারণ চটের বস্তায় ভরে কালোবাজারে বিক্রির পাঁয়তারা করছিলেন।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সজিব রহমান জানান, ‘জব্দ করা ১২৬ বস্তা চালসহ আটক ডিলার তোফাজ্জল হোসেন তোফাকে তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) ফরিদা ইয়াছমিন জানান, ‘আটক ডিলার তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার জন্য খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এমকে