খুলনা মেডিকেলে হেলিকপ্টারে গেল ৫০০ পিপিই

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের অন্য সব জেলার মত খুলনাতেও চলছে অঘোষিত লকডাউন। এর মাঝে গত ৭ এপ্রিল থেকে খুলনা মেডিকেলে শুরু হয়েছে করোনা শনাক্তকরণের টেস্ট।

এদিকে শুক্রবার (১০ এপ্রিল) রাত ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে আরো ৫০০ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এসেছে ঢাকা থেকে। এ নিয়ে খুমেকে পিপিই’র সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০০।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, একটি সংবাদ বিভ্রান্তির কারণে ঢাকা মনে করেছে খুমেকে পিপিই নেই। সে কারণে জরুরিভিত্তিতে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লহ। হেলিকপ্টারটির মাধ্যমে শুক্রবার রাত ১০টার দিকে খুলনার বিএনএসবিতে এসে পৌঁছায় পিপিই। আমি নিজেই সেই পিপিই গ্রহণ করেছি।

তিনি বলেন, খুলনা মেডিক্যালে বর্তমানে মোট ৪ হাজার ২০০ পিপিই মজুদ আছে। এই মুহূর্তে আমাদের তেমন কোনো ঘাটতি নেই। খুলনায় করোনার জন্য নির্ধারিত হাসপাতাল একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে খুলনায় দশটি আইসিইউ বেডসহ ১০০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর